কৃষি, মৎস্য ও খাদ্য খাতে নতুন গতি দিতে চান নতুন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কৃষিনির্ভর দেশ; কৃষককে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন নতুন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা জোরদার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেবেন তিনি। মন্ত্রীত্ব পাওয়ার পর মঙ্গলবার রাতে দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নতুন কৃষিমন্ত্রী।
প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছেন উল্লেখ করে কৃষি, খাদ্য ও মৎস্য খাতে নতুন গতি আনার প্রত্যয় ব্যক্ত করেন আমিন-উর-রশিদ।
১৯৫৮ সালের ২৩ জানুয়ারি জন্ম নেওয়া আমিন-উর-রশিদের শৈশব কুমিল্লায় কেটেছে। নগরের মনোহরপুর (নিমতলী) এলাকার ভোটার হলেও তাঁর পৈতৃক বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। পিতা হাজী আলী মিয়া ও মাতা আমেনা বেগম। পেশায় ব্যবসায়ী এই নেতা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তিনি তৎকালীন কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। ২০০১ সালে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন; ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরে কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব সংসদীয় আসনের সমন্বয়কের দায়িত্ব পান এবং বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। বিশেষ করে কুমিল্লা-৯ আসনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্ব নিরসনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।