রোজার আগেই চট্টগ্রামে বাড়লো ব্রয়লার মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাণিজ্য নগরী চট্টগ্রামে রোজার আগে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। গত এক সপ্তাহে শুধু ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, এক দিনের মুরগির বাচ্চার দাম বৃদ্ধি এবং শীতে খামারে মুরগি মারা যাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বুধবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০–১৬০ টাকা বিক্রি হলেও নির্বাচনের পর তা বেড়ে প্রায় ২০০ টাকায় উঠেছে। সোনালি মুরগির দাম ৩০০ টাকা থেকে বেড়ে ৩৩০ টাকায় পৌঁছেছে।
চকবাজার এলাকার একটি পোলট্রি দোকানের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, বাচ্চার দাম বাড়া এবং শীতজনিত মৃত্যুহার বৃদ্ধির কারণে সরবরাহ কমেছে। রমজান সামনে থাকায় চাহিদা বাড়লেও খামারিরা পর্যাপ্ত মুরগি দিতে পারছেন না।
প্রবর্তক, গোলপাহাড় ও মেহেদীবাগ এলাকায় ঘুরে দেখা যায়, দোকানে মুরগির সরবরাহ সীমিত। স্থানীয় গৃহিণী নুর নাহার জানান, আগের দিন দোকানে মুরগি না পেয়ে পরদিন ১৯৫ টাকা কেজি দরে কিনতে হয়েছে।
চট্টগ্রামের বাজারে সাধারণত মুরগি আসে মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা থেকে। খামারিদের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে এক দিনের ব্রয়লার বাচ্চার দাম ছিল ২২–২৫ টাকা; জানুয়ারিতে তা ৩০–৪০ টাকায় ওঠানামা করে। দুই সপ্তাহ আগে ৪৫–৫০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৮০–৮৫ টাকায় পৌঁছেছে।
সাতকানিয়ার খামারি মোহাম্মদ আবির জানান, একটি বাচ্চা কিনতে এখন প্রায় ৮৩ টাকা লাগে এবং ১ কেজি ওজন করতে উৎপাদন খরচ ১৮০ টাকার বেশি পড়ছে। বাচ্চার দাম না কমলে বাজারে মুরগির দাম কমার সম্ভাবনা কম বলেও তিনি জানান।