বোরকা পরে ক্রেতা সেজে বাজারে অভিযান, শিবচরে ৭ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে অভিযান, শিবচরে ৭ দোকানকে জরিমানা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে ভিন্নধর্মী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনের পর বিভিন্ন অনিয়মে ৭টি দোকানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ছদ্মবেশে বাজারে প্রবেশ করেন। তিনি মাছ, মাংস, ফল ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং একাধিক অনিয়ম শনাক্ত করেন। পরে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ব্যতিক্রমধর্মী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন